আবু বক্কর সিদ্দিক, কক্সবাজার উখিয়া প্রতিনিধি
টেকনাফ সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় মাছ ধরার একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট এবং প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১২টি নিষিদ্ধ ট্রলিং জাল জব্দ করা হয়।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড জাহাজ ‘সবুজ বাংলা’ সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় অভিযানে নামে।
অভিযান চলাকালীন একটি সন্দেহভাজন ট্রলিং বোটকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে বোটটি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল উদ্ধার করা হয় এবং বোটে থাকা ১৬ জন জেলেকে আটক করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, জব্দকৃত জালের বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। অবৈধভাবে মৎস্য আহরণের দায়ে জব্দকৃত বোট, জাল এবং আটককৃত জেলেদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং অবৈধ মৎস্য নিধন রোধে কোস্ট গার্ডের এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।