বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক মন্তব্য—“প্রার্থী নয়, প্রতীক দেখে ভোট দিন”—কে ‘হাইলি প্রবলেমেটিক’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে নিজের ফেসবুক লাইভে তিনি বলেন, জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে প্রার্থীই মুখ্য; প্রতীক কখনোই সেই ভূমিকা পালন করতে পারে না।
হাসনাত বলেন, তারেক রহমানের মতো দায়িত্বশীল নেতৃত্বের কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত নয়। তিনি ব্যাখ্যা করে বলেন, একজন এমপি হলেন নাগরিক ও রাষ্ট্রের মধ্যকার সেতুবন্ধন। ব্যক্তিই জনগণের কথা সংসদে তুলে ধরেন, প্রতীক নয়।
অথচ প্রতীককে মুখ্য করে তুললে সেই সেতুবন্ধন দুর্বল হয়ে যায়। “প্রতীক একটি প্রতীকী বিষয় মাত্র। এটি অর্নামেন্টাল। কিন্তু জনগণের প্রতিনিধিত্বের জায়গাটি আসে ব্যক্তির যোগ্যতার ওপর,”—বলেন তিনি।
তিনি আরও বলেন, অতীতে দলীয় আনুগত্যের ভিত্তিতে যেসব প্রার্থী মনোনয়ন পেয়েছেন, তাদের অনেকে এলাকার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। শুধুমাত্র প্রতীকের ওপর ভর করে অযোগ্য বা দুর্নীতিগ্রস্ত কেউ নির্বাচিত হলে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব ক্ষতিগ্রস্ত হয়।
জনগণের কাছে দায়িত্বশীল, যোগ্য ও এলাকাভিত্তিক জনপ্রিয় প্রার্থী নির্বাচনই হওয়া উচিত—এটাই তাঁর মতে একটি গণতান্ত্রিক নির্বাচনের মূল লক্ষ্য।
হাসনাত সতর্ক করে বলেন, “যদি আমরা শুধুই প্রতীক দেখে ভোট দিই, তাহলে ৩০০ আসনে প্রক্সি প্রার্থী নির্বাচিত হওয়ার ঝুঁকি তৈরি হবে। এতে জনগণ সংসদে প্রকৃত প্রতিনিধি পাচ্ছেন না—বরং পাচ্ছেন দলীয় সিদ্ধান্তে পরিচালিত প্রার্থীদের।”
এর আগে ৮ ডিসেম্বর সকালে ঢাকার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’তে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য দেন তারেক রহমান। সেখানেই তিনি প্রতীকভিত্তিক ভোটের আহ্বান জানান, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিস্তর আলোচনা চলছে।