ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খালিলুর রহমান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভালের মধ্যে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত এ বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, সিএসসি কাঠামোর কার্যক্রম এবং দুদেশের যৌথ স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতেই ড. খালিলুর রহমান ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। দুই উপদেষ্টার আলোচনা মূলত সন্ত্রাস দমন, সামুদ্রিক নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বহুপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা জোরদারের ওপর কেন্দ্রিত ছিল।
সপ্তম কলম্বো সিকিউরিটি কনক্লেভ (সিএসসি)–এর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে যোগ দিতে ড. খালিলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে ভারতে অবস্থান করছে। এ সফরকে কেন্দ্র করেই দোভালের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়।
এর আগে মঙ্গলবার (১৮ নভেম্বর) ড. খালিলুর রহমান দিল্লিতে পৌঁছালে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র জানিয়েছে, সিএসসির সপ্তম এনএসএ–স্তরের সম্মেলন বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিল্লির ঐতিহাসিক হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত হবে। সকালে মূল সম্মেলন শুরু হবে এবং মধ্যাহ্নভোজ শেষে কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। সম্মেলন শেষে ওই দিন বিকেলেই ড. খালিল ঢাকার উদ্দেশে দিল্লি ত্যাগ করবেন।
উল্লেখ্য, সিএসসি দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগর উপকূলীয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা জোট। ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও মরিশাস—এই চার দেশ পূর্ণ সদস্য। গত বছর বাংলাদেশকে পঞ্চম সদস্য হিসেবে স্বাগত জানানো হয়। সেশেলস পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে অংশগ্রহণ করে।
গত বছরের ৫ আগস্টের পর এটি অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার ভারতের দ্বিতীয় সফর।