অন্তর্বর্তী সরকার সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও ৩ মাস ১৬ দিন বাড়িয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, “বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আগামী ১২ নভেম্বর থেকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অর্পণ করা হলো।”
এছাড়া কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রেষণে কর্মরত সেনা কর্মকর্তারাও উল্লিখিত সময় পর্যন্ত একই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ সালের ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার আওতায় সেনা কর্মকর্তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ক্ষমতা প্রয়োগ করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমবারের মতো সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের ৬০ দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয় অন্তর্বর্তী সরকার।
এরপর পর্যায়ক্রমে কয়েক দফায় এ মেয়াদ বৃদ্ধি করা হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরও অন্তত ১৫ দিন সেনাবাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নিয়ে মাঠে দায়িত্ব পালন করবে।