আমজাদ শিবলু: সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালী সেনবাগ উপজেলায় মরহুম তবারক উল্যাহ চেয়ারম্যান ফাউন্ডেশনের উদ্যোগে ১১তম মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (০৮ নভেম্বর) সকালে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের পরিকোট উচ্চ বিদ্যালয় ও পরিকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলার প্রায় ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬১৩ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। প্রথম শ্রেণী থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নেয়। মেধা বিকাশ ও শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টিই এই বৃত্তি পরীক্ষার মূল লক্ষ্য।
ছিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মরহুম তবারক উল্যাহ চেয়ারম্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কামাল উদ্দিন বলেন, “তবারক উল্যাহ আমার বাবা ছিলেন সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের একজন সমাজসেবক।
মানুষের কল্যাণে তিনি প্রায় ১০ বছর নিবেদিতভাবে সেবা দিয়েছেন। তার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে মৃত্যুর পর আমরা এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করি। বর্তমানে এ ফাউন্ডেশনের উদ্যোগে ১১তম মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আমাদের পরিবারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের জীবনের শেষ সময় পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। এই বৃত্তি পরীক্ষা যেন আরও বিস্তৃতভাবে আয়োজন করা যায়, সে জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।”