আবু তাহের, জাককানইবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধাদান, ধর্ষণের হুমকি ও উস্কানির তদন্ত কমিটিসহ সকল তদন্ত কমিটি থেকে অব্যাহতি চেয়েছেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)।
মঙ্গলবার (৪ নভেম্বর) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বরাবর এক চিঠির মাধ্যমে তিনি বিষয়টি জানান।
চিঠিতে তিনি বলেন, একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণে সকল তদন্ত কমিটি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করছি এবং ভবিষ্যতে সম্মতি ছাড়া আমাকে যেনো আর কোনো তদন্ত কিংবা অন্যকোনো কমিটিতে অন্তর্ভুক্ত করা না হয়।
আমি বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর বিভিন্ন তদন্ত কমিটিতে দায়িত্ব নিয়ে কাজ করেছি; বিভিন্ন সময়ে প্রশাসন আমার প্রতি যে বিশ্বাস ও আস্থা রেখেছে, তার জন্য আমি আনন্দিত হলেও বর্তমানে এসব তদন্ত কমিটির কাজ করতে সম্পূর্ণভাবে অপারগতা প্রকাশ করছি।
এছাড়া তদন্ত কমিটির সকল নথি-পত্র সংশ্লিষ্ট কমিটির সদস্য-সচিবের নিকট তা সংরক্ষিত রয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স) বলেন, ব্যক্তিগত কারণেই এসব কমিটি থেকে সরে দাড়িয়েছি।