রোকুনুজ্জামান, জবি প্রতিনিধিঃ
ডাকসুর সাবেক সহ-সভাপতি নুরুল হক নুরের বক্তব্যকে ‘শিক্ষার্থীদের জন্য অপমানজনক’ উল্লেখ করে তা প্রত্যাহার করে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ।
শনিবার (১ নভেম্বর) নিজের এক ফেসবুক পোস্টে নুরুল হক নুরের “গ্রামের মতো ৫০০-১০০০ টাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ভোট বিক্রি করেছে” মন্তব্যকে কেন্দ্র করে তিনি এ কথা বলেন।
জবি শিবির সেক্রেটারি আব্দুল আলিম আরিফ বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টাকা দিয়ে কেনা যায় না। এই প্রজন্ম নিজেদের ভোটাধিকার নিয়ে সচেতন। টাকার বিনিময়ে কিংবা চটকদার বক্তব্যের কাছে তারা বিক্রি হয় না। যারা স্বার্থের কাছে নিজেদের বিক্রি করে, তারাই শিক্ষার্থীদের বিক্রি করার স্বপ্ন দেখতে পারে।”
তিনি আরও বলেন, “যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এমন ধারণা পোষণ করে, শিক্ষার্থীরা অতীতেও তাদের প্রত্যাখ্যান করেছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও করবে। আমরা সততা, নিষ্ঠা ও কর্মপ্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের আস্থা অর্জন করব।”
ডাকসুর সাবেক সহ-সভাপতি ও একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে নুরুল হক নুরের এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে আরিফ বলেন, “এই বক্তব্য শিক্ষার্থীদের জন্য অপমানজনক এবং তাদের ম্যান্ডেটকে অসম্মান করে।”
ফেসবুক পোস্টটির শেষে তিনি নুরুল হক নুরকে বক্তব্য প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।