সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডে দেখা গেছে এক চমকপ্রদ নিম্নগতি। বোর্ডজুড়ে ৪৫ হাজারেরও বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, যার বড় একটি অংশ—প্রায় ৩৬ হাজার শিক্ষার্থী—শুধু ইংরেজি বিষয়েই ফেল করেছে। এই সংখ্যা বোর্ডের মোট ফেল করা শিক্ষার্থীর প্রায় ৭৮ শতাংশ বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফলে এই তথ্য উঠে আসে। দিনাজপুর শিক্ষা বোর্ডের হিসাব অনুযায়ী, এবারের পরীক্ষায় মোট ১ লাখ ৫ হাজার ৮৯১ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৬০ হাজার ৮৮২ জন, আর বাকি ৪৫ হাজার ৯ জন ফেল করেছে।
এমন বিপুল সংখ্যক শিক্ষার্থী ইংরেজিতে অকৃতকার্য হওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে।
একজন অভিভাবক, মোঃ শফিক জানান, কলেজগুলোর ইংরেজি শিক্ষকদের মধ্যে অভিজ্ঞতা ও দক্ষতার ঘাটতি রয়েছে। শিক্ষকরা শিক্ষার্থীদের যথাযথভাবে প্রস্তুত করতে পারেননি, তাই এত বড় সংখ্যায় শিক্ষার্থী ইংরেজিতে ফেল করেছে।
ইংরেজিতে ফেল ও ইংরেজি শিক্ষক সম্পর্কে জানতে চাইলে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম বলেন, ‘আমরা প্রতি বছর বিভিন্ন সময় শিক্ষকদের প্রশিক্ষিত করছি। আশা করছি আগামি দিনে এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব।’