মোঃ হাসনাইন আহম্মেদ, ভোলা:
ভোলায় শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে জেলার প্রতিটি উপজেলায় নিরাপত্তা জোরদার করেছে র্যাব-৮। পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি চালাচ্ছে তারা।
বুধবার ভোলা সদর উপজেলার বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেন র্যাব সদস্যরা। এ সময় তারা পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে আলোচনা করেন এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় র্যাব পাশে থাকবে বলে আশ্বস্ত করেন। একই সঙ্গে, যে কোনো সময় সরাসরি র্যাবকে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান কর্মকর্তারা।
ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো: শাহরিয়ার রিফাত অভি বলেন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভোলা জেলার প্রতিটি উপজেলায় আমাদের র্যাব সদস্যরা কঠোর নজরদারিতে রয়েছেন। পূজারী ও ভক্তরা যাতে নির্ভয়ে উৎসব পালন করতে পারেন, সে জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
র্যাবের এ ধরনের উদ্যোগে পূজারী ও সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।