ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নির্বাচিত হওয়ার পরপরই হাজী মহসিন হলের শিক্ষার্থীদের জন্য একটি তাৎক্ষণিক উদ্যোগ নিলেন সাদিক হোসেন শিকদার। নির্বাচনের পর মাত্র একদিনের মাথায় তিনি হলের শতাধিক শিক্ষার্থীর জন্য নতুন খাটের ব্যবস্থা করেছেন।
গতকাল মঙ্গলবার শিক্ষার্থীদের হাতে এসব খাট তুলে দেওয়া হয়। এর আগে সোমবার সরেজমিনে গিয়ে তিনি হলের ফ্লোরিং করা শিক্ষার্থীদের দুরবস্থা প্রত্যক্ষ করেন। দীর্ঘদিন ধরে খাটের অভাবে শিক্ষার্থীদের মেঝেতে শোয়ার কষ্টদায়ক পরিস্থিতি তাকে গভীরভাবে নাড়া দেয়। সেই অভিজ্ঞতা থেকেই দ্রুত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
ভিপি সাদিক জানান, প্রথম ধাপে ১০০ খাট সরবরাহ করা হলেও খুব শিগগিরই আরও ২০০ খাট দেওয়া হবে। তার ভাষায়, “শিক্ষার্থীদের জন্য মানসম্মত জীবনযাপনের যা যা প্রয়োজন, সবকিছুই মহসিন হলে আনা হবে। শুধু তাই নয়, শিক্ষার্থীদের শিক্ষাগত দক্ষতা বাড়াতে যে সব উদ্যোগ প্রয়োজন, সেগুলোও নেওয়া হবে ইনশাআল্লাহ।”
ছাত্রনেতা হিসেবে দায়িত্ব পাওয়ার পরপরই এ ধরনের উদ্যোগ সাদিককে শিক্ষার্থীদের কাছে আরও কাছের করে তুলেছে। মহসিন হলের শিক্ষার্থীরা বলছেন, বহু বছর পর তারা সরাসরি তাদের ভিপির কাছ থেকে বাস্তব সহায়তা পাচ্ছেন। তাদের আশা, খাট সরবরাহই নয়, সামনে হলের অন্যান্য সমস্যাগুলোরও কার্যকর সমাধান হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সংকট ও আসবাবের অভাব একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত। ভিপি সাদিক হোসেন শিকদারের এই উদ্যোগ তাই শুধু মহসিন হলের শিক্ষার্থীদের নয়, পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।