রবিউল ইসলাম শিবগঞ্জ প্রতিনিধিঃ
শিবগঞ্জ উপজেলার কুড়াহার পুলিশ বক্স থেকে কামতারা ত্রিমহনী পর্যন্ত দেড় কিলোমিটার দীর্ঘ এই সড়কের বেহাল অবস্থা আজ এলাকাবাসীর চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
রাস্তার উপরে অসংখ্য বড় বড় গর্ত, যেখানে সামান্য বৃষ্টিতেই জমে থাকে হাটু সমান পানি। কাদা আর খানাখন্দে ভরা এই সড়ক এখন আর মানুষের চলাচলের পথ নয়, বরং প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি বয়ে আনছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা প্রতিদিন এই পথে যাতায়াত করতে গিয়ে পড়ছে চরম দুর্ভোগে।
কৃষকরা তাঁদের উৎপাদিত ফসল বাজারে নিতে হিমশিম খাচ্ছেন। আবার অসুস্থ রোগীকে হাসপাতাল বা চিকিৎসকের কাছে নিতে গেলেও এই সড়ক হয়ে উঠছে মৃত্যুফাঁদ।
এলাকাবাসীর অভিযোগ বছরের পর বছর ধরে এই সড়কটির সংস্কারের দাবি জানালেও মেলেনি কোনো কার্যকর ব্যবস্থা। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করে। খানা-খন্দে আটকে পড়ে অটোরিকশা, মোটরসাইকেল কিংবা ভ্যানগাড়ি। অনেক সময় দুর্ঘটনায় আহত হচ্ছেন যাত্রীরা।
এলাকার মানুষজন বলছেন এই সড়ক দিয়ে চলাচল করা যেন প্রতিদিন মৃত্যুকে আলিঙ্গন করার সমান। অথচ এই সড়কটি কেবল কুড়াহার থেকে কামতারা পর্যন্ত নয়, বরং আশেপাশের একাধিক গ্রামের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম।
স্থানীয়দের দাবি যত দ্রুত সম্ভব এই সড়কটির সংস্কার কাজ শুরু করা হোক। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ও দুর্ঘটনা এড়াতে অবিলম্বে পদক্ষেপ নেওয়া জরুরি।