আমজাদ শিবলু: সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলার প্রধান বাণিজ্যকেন্দ্র সেবারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি প্লাইউড কারখানা, গুদাম ও ১১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এতে প্রায় ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়দের প্রায় ছয় ঘণ্টার প্রচেষ্টায় রবিবার সকাল ৭টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস জানায়, ফেনী-নোয়াখালী ফোর লেন মহাসড়কের পাশে সেবারহাট বাজারের একটি প্লাইউড কারখানায় প্রথমে আগুন দেখা দেয়। মুহূর্তের মধ্যেই তা কারখানা ও আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সেনবাগ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত পৌনে ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে চৌমুহনী ও মাইজদীর আরও তিনটি ইউনিট যুক্ত হয়ে আগুন নেভাতে সহযোগিতা করে।
সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক বিল্লাল হোসেন বলেন, সকাল ৭টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্লাইউড কারখানার ব্রয়লার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত কারণ ও ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা যাবে না। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানের মালিকরা বলেন, রাতারাতি সবকিছু ছাই হয়ে গেছে। এ ঘটনায়
তাঁরা চরম আর্থিক সংকটে পড়েছেন।