মনিরুল ইসলাম, (নাটোর প্রতিনিধি):
নাটোরে তালিকাভুক্ত শ্রমজীবীদের সুরক্ষা ভাতা ও রেশনিং ব্যবস্থা চালুসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
নাটোর কালেক্টরেট ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সদর উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-র বরাবর বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে বক্তারা শ্রমজীবী জনগণের জীবনমান উন্নয়নে সুরক্ষা ভাতা, রেশনিং ব্যবস্থা চালু, ন্যায্য মজুরি নিশ্চিতকরণসহ শ্রমিকদের অধিকার বাস্তবায়নের দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদের সভাপতি দেবাশীষ রায় এবং সদস্য সচিব মোবারক হোসেন।
বক্তারা বলেন, “শ্রমজীবী মানুষের জন্য রাষ্ট্রীয় সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। রেশনিং ব্যবস্থা ও সুরক্ষা ভাতা চালু না হলে শ্রমিকদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়বে। সরকারকে দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সমাবেশ শেষে স্মারকলিপি গ্রহণের জন্য ইউএনও কার্যালয়ে জমা দেওয়া হয়।