রাবি প্রতিনিধি: এম এ আতিকুর রহমান
শেরপুরের পর্যটনকেন্দ্র গজনী অবকাশে ছিনতাইয়ের শিকার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের আট শিক্ষার্থী। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে পর্যটনকেন্দ্রটির ভেতরে অস্ত্রের মুখে তাঁদের মুঠোফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
ভুক্তভোগীরা হলেন নাজমুল ইসলাম, রিমোন রিহান, মো. আসাদ, তানভীর ইসলাম, নাঈম আহমেদ, তুহিন শেখ, রাসেল রহমান ও ফয়সাল বিশ্বাস।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, শিক্ষা সফরের অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ৭০ জন গজনী অবকাশে ঘুরতে যান। সকালে খাবার খেয়ে আট শিক্ষার্থী মিলে পর্যটনকেন্দ্রটির বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করছিলেন।
একপর্যায়ে ঘোরাঘুরির সময় দুই ব্যক্তি দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও ছুরি নিয়ে তাঁদের পথরোধ করেন। পরে অস্ত্রের মুখে তাঁদের জঙ্গলের ভেতরে নিয়ে যান। সেখানে তাঁদের কাছে থাকা সবকিছু বের করে দিতে বলেন। একপর্যায়ে বাধা দেওয়ার চেষ্টা করলে এক শিক্ষার্থীকে বন্দুকের বাট দিয়ে আঘাত করা হয়। পরে আটটি মুঠোফোন, মানিব্যাগ, আনুমানিক ২৫ হাজার টাকা, ব্যক্তিগত পোশাক ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যান তাঁরা।
ভুক্তভোগী চতুর্থ বর্ষের শিক্ষার্থী তুহিন শেখ বলেন, ‘হঠাৎ এক ব্যক্তি দেশীয় অস্ত্র বের করে নাজমুল ভাইয়ের মাথায় ঠেকান। এরপর আমাদের গাড়িতে তুলে জঙ্গলের ভেতরে নিয়ে যান। সেখানে অস্ত্রের মুখে সবকিছু বের করে দিতে বলেন।’
তিনি আরও বলেন, ‘আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়ে পড়াশোনার গুরুত্বপূর্ণ ফাইল থাকা মুঠোফোন এবং পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র থাকা মানিব্যাগ ফেরত দেওয়ার অনুরোধ করি। কিন্তু তাঁরা কোনো অনুরোধ শোনেননি। একপর্যায়ে একজন বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে বন্দুকের বাট দিয়ে আঘাত করা হয়। পরে আমাদের মারধর ও প্রাণনাশের ভয় দেখিয়ে মুঠোফোন, মানিব্যাগসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেন।’
সমাজকর্ম বিভাগের অধ্যাপক তানভীর ইসলাম বলেন, ‘বিষয়টি জানার পর ৯৯৯-এ ফোন করি। প্রথমে ঘটনাস্থল কোন থানার অধীনে, তা জানতে চাওয়া হয়। আমরা ঝিনাইগাতী থানার কথা জানালে তাঁরা সংশ্লিষ্ট থানায় যোগাযোগের ব্যবস্থা করেন। কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি বিজিবি ও জেলা প্রশাসনকেও জানানো হয়।’