নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বান্দরবানের থানচির মনোমুগ্ধকর পাহাড়ি পরিবেশে ছয় তরুণ মিলে গড়ে তুলেছেন ‘থানচি ইকো রিসোর্ট’। আগামী ২০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে পর্যটকদের জন্য যাত্রা শুরু করবে রিসোর্টটি। পাহাড়ের প্রতি ভালোবাসা ও প্রকৃতির কাছাকাছি থাকার আকাঙ্ক্ষা থেকে ছয় উদ্যোক্তা মিলে গড়েন এটি।
রিসোর্টটির উদ্যোক্তারা হলেন ত্রিশালের শরীফ রহমান ও হাবিবুর রহমান লিয়ন, নালিতাবাড়ী উপজেলার উবায়দুল ইসলাম সোহাগ, নেত্রকোনা জেলার সনি সরকার জয়, থানচি উপজেলার কিশোর ত্রিপুরা ও সাজ্জাদ হোসেন সুমন।
পাহাড়ঘেরা প্রাকৃতিক পরিবেশে অবস্থিত রিসোর্টটি থেকে উপভোগ করা যাবে থানচির মনোমুগ্ধকর পাহাড়ের এরিয়াল ভিউ। প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো ও পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে আগ্রহী পর্যটকদের জন্য এটি হতে পারে নতুন একটি আকর্ষণীয় গন্তব্য।
রিসোর্টটির চারপাশজুড়ে রয়েছে পাহাড়, সবুজ বন ও নীরব প্রাকৃতিক পরিবেশ। শহরের কোলাহল থেকে দূরে এই পরিবেশে ভোরের নির্মলতা, পাহাড়ি বাতাস ও চারপাশের সবুজে মুগ্ধ হওয়ার সুযোগ রয়েছে। প্রকৃতির কাছাকাছি থেকে নিরিবিলি সময় কাটাতে চান এমন পর্যটকদের জন্য জায়গাটি হতে পারে স্বস্তির একটি ঠিকানা।
উদ্দোক্তা উবায়দুল ইসলাম সোহাগ বলেন, পাহাড়ের প্রতি ভালোবাসা এবং প্রকৃতির কাছাকাছি থাকার আকাঙ্ক্ষা থেকেই তাদের এই উদ্যোগ। পর্যটকেরা যেন পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে স্বস্তি ও প্রশান্তির সময় কাটাতে পারেন, সেই লক্ষ্যেই রিসোর্টটি গড়ে তোলা হয়েছে।
হাবিবুর রহমান লিয়ন বলেন, “পাহাড়ের প্রতি আমাদের সবারই আলাদা একটা ভালোবাসা রয়েছে। সেই ভালোবাসা থেকেই থানচির প্রাকৃতিক পরিবেশে এমন একটি জায়গা গড়ে তোলার পরিকল্পনা করি। পর্যটকেরা এখানে এসে প্রকৃতির সৌন্দর্য উপভোগের পাশাপাশি স্বস্তি ও সুন্দর সময় কাটাতে পারবেন—এটাই আমাদের প্রত্যাশা।”
আগামী ২০ অক্টোবর রিসোর্টটির উদ্বোধনের মধ্য দিয়ে পর্যটকদের জন্য নতুন এই গন্তব্যের যাত্রা শুরু হতে যাচ্ছে। তরুণ উদ্যোক্তাদের এমন উদ্যোগে স্থানীয় পর্যটনপ্রেমীদের মধ্যেও আগ্রহ তৈরি হবে বলে আশা করছেন উদ্যোক্তারা।