চাঁদাবাজি, ভূমিদস্যুতা, মাদক কারবার ও কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, অপরাধী যে দলেরই হোক না কেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে ছাড় দেওয়া যাবে না।
শনিবার (১৭ অক্টোবর) বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নবিষয়ক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম মনি বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সেবার মান বাড়ানো প্রশাসনের অন্যতম দায়িত্ব। সরকারি সেবা নিতে এসে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সব দপ্তরকে একযোগে কাজ করার আহ্বান জানান।
বরগুনাসহ উপকূলীয় অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগানো সরকারের অন্যতম অগ্রাধিকার। বিশেষ করে কৃষি, মৎস্য, পর্যটন ও অবকাঠামো খাতের সম্ভাবনা কাজে লাগিয়ে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দিয়ে তিনি বলেন, সরকারি বরাদ্দের প্রতিটি অর্থ যথাযথভাবে ব্যবহার করতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডের সুফল যেন সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
নূরুল ইসলাম মনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তাদের সততা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার বিকল্প নেই। বরগুনার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা, জনদুর্ভোগ কমানো এবং নাগরিক সেবার মান উন্নয়নে সব সরকারি দপ্তরকে সমন্বিতভাবে কার্যকর ভূমিকা পালন করতে হবে।