ঢাকা-১৬ আসনে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে দল-মতনির্বিশেষে সুবিধাভোগী পরিবারের নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। কার্ডের মাধ্যমে প্রতি মাসে আড়াই হাজার টাকা সমপরিমাণ অর্থ দেওয়া হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্লবীর ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
আমিনুল হক বলেন, ফ্যামিলি কার্ড নিয়ে কারও বিভ্রান্ত হওয়ার কারণ নেই। বিএনপি বিশ্বাস করে, দল-মতনির্বিশেষে দেশের সব নাগরিকের স্বার্থ সবার আগে। তাই অন্য রাজনৈতিক দলকে ভোট দেওয়া পরিবারের নারীরাও এ কর্মসূচির আওতায় কার্ড পাবেন।
তিনি জানান, তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে নারীদের নাম, বাবার নাম, জাতীয় পরিচয়পত্রের নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। তথ্য সংগ্রহের কাজ শেষ হওয়ার পর পর্যায়ক্রমে সুবিধাভোগীদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, চলতি বছরের মধ্যে সারা দেশে প্রায় ৪১ লাখ ফ্যামিলি কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে সরকারের। পরবর্তী সময়ে ধাপে ধাপে আরও বেশি পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
পল্লবী ও রূপনগরের উর্দুভাষী জনগোষ্ঠীর স্থায়ী পুনর্বাসন প্রসঙ্গে আমিনুল হক বলেন, এ বিষয়ে গৃহায়ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। ইতিমধ্যে পাইলট প্রকল্পের মাধ্যমে স্থায়ী পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।
বিএনপির নাম ব্যবহার করে কেউ অন্যায় বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন আমিনুল হক। তিনি দাবি করেন, অন্যায়কারীদের আইনের আওতায় এনে কারাগারে পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক রাষ্ট্র গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, সরকার জনগণের পাশে থেকে সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে চায়। প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে সুস্থ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা এবং মানুষের বাক্স্বাধীনতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।