যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সোহেল তাজ লেখেন, জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ভিডিও দেখে তিনি হতবাক হয়েছেন। তার দাবি, যারা অতীতে গণহত্যা, গুম, খুন, দুর্নীতি ও গণতান্ত্রিক অধিকার হরণের সঙ্গে জড়িত ছিলেন, তারাই এখন এসব দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা করছেন।
তিনি এ ধরনের আচরণকে ‘গ্যাসলাইটিং’ ও ‘প্রজেকশন’ হিসেবে উল্লেখ করেন।
সোহেল তাজ বলেন, মনোবিজ্ঞানে গ্যাসলাইটিং বলতে এমন এক ধরনের মানসিক প্রভাব বিস্তারকে বোঝানো হয়, যেখানে কেউ পরিকল্পিতভাবে তথ্য বিকৃত বা অস্বীকার করে অন্য ব্যক্তিকে নিজের উপলব্ধি ও বিচারবোধ নিয়ে সন্দেহে ফেলতে চেষ্টা করেন।
অন্যদিকে, ‘প্রজেকশন’ হলো এমন একটি মানসিক প্রক্রিয়া, যেখানে ব্যক্তি নিজের অস্বস্তিকর চিন্তা, অনুভূতি বা দায় অন্যের ওপর চাপিয়ে দেন বলে তিনি উল্লেখ করেন।
এর আগে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরের লবিতে ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে কয়েকজন ব্যক্তি স্লোগান, কটূক্তি ও প্রশ্ন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাদের বিভিন্ন অভিযোগ তুলতে দেখা যায়।