যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয় ঘেরাও করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তি।
রোববার (১১ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর মতিঝিলে অবস্থিত যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
কর্মসূচিতে জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সম্প্রতি যুব উন্নয়ন অধিদপ্তরের একটি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর শনিবারের লিখিত পরীক্ষা বাতিল করা হয়। এর প্রতিবাদ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে এ ঘেরাও কর্মসূচির ডাক দেয় যুবশক্তি।
কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। একপর্যায়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
এর আগে কর্মসূচিকে ঘিরে যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী।
যুবশক্তির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগ, প্রশ্নফাঁসের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা, নিয়োগে দলীয়করণ ও অনিয়ম বন্ধ করে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা।
এ ছাড়া ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধ, ভাইভা নম্বর নিয়ে কারসাজি বন্ধ এবং বেকার যুবকদের কর্মসংস্থান তৈরিতে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা প্রকাশের দাবিও জানিয়েছে সংগঠনটি।
উল্লেখ্য, শনিবার যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা হওয়ার কথা থাকলেও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা শুরুর আগে তা স্থগিত করা হয়। পরে চাকরিপ্রার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।