কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তের বিপরীতে ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনার পর সীমান্তের এপারে অবস্থানরত জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পাল্টা ফায়ার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১০ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্রে জানা গেছে, শনিবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে ব্যাটালিয়নের জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের বিপরীতে বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ ভারতের অভ্যন্তরে গুলিবর্ষণের ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বিএসএফের গুলিতে পায়ে আঘাত পাওয়া ব্যক্তি একজন বাংলাদেশি নাগরিক। তবে তাঁর নাম-পরিচয়, গুলিবিদ্ধ হওয়ার সুনির্দিষ্ট পরিস্থিতি এবং বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
ঘটনার পরপরই বিজিবির নিয়মিত টহলদল পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয়। সীমান্তের বাংলাদেশ অংশে অবস্থানরত সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে পাল্টা ফায়ার করে বিজিবি। একই সঙ্গে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
৪৭ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
পাশাপাশি সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে স্থানীয় জনগণকে অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়ে সচেতন করা হচ্ছে।
এদিকে, সীমান্তে বিএসএফের গুলিবর্ষণ ও বিজিবির পাল্টা ফায়ারের ঘটনায় এলাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এ ঘটনায় দুই পক্ষের মধ্যে পরবর্তী কোনো পরিস্থিতির সৃষ্টি হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।