মোঃ হাচান আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি
সমিতির অর্থ আত্মসাৎ ও সাংগঠনিক নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে সভাপতির পদত্যাগের দাবিতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন অটোরিকশা ও সিএনজি চালক সমবায় সমিতির সদস্যরা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা-তানাক্কাপাড়া সড়কের তবলছড়ি চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় বিক্ষোভকারীরা সভাপতির ছবি সংবলিত ব্যানার ও পোস্টারে আগুন দেন।
এর আগে সমিতির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সমিতির সদস্যরা। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তবলছড়ি চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
মাটিরাঙ্গা উপজেলা অটোরিকশা ও সিএনজি চালক সমবায় সমিতি লিমিটেডের সদস্যদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন সমিতির সদস্য কামাল হোসেন ও তাজুল ইসলাম।
বক্তারা অভিযোগ করেন, সমিতির সভাপতি আক্তার হোসেন সাংগঠনিক নিয়ম ভঙ্গ করে সমিতির অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। তাঁর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগও তোলেন তারা। একই সঙ্গে সমিতির আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ এবং সভাপতির পদত্যাগ দাবি করেন।
বিক্ষোভকারীরা বলেন, সমিতির সদস্যদের অর্থের স্বচ্ছ হিসাব নিশ্চিত করা এবং সাংগঠনিক কার্যক্রমে জবাবদিহি প্রতিষ্ঠা জরুরি। তাদের উত্থাপিত অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা।
পরে পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তিনি শ্রমিকদের দাবিগুলো শুনে তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। এরপর বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে সমিতির সদস্য মো. ইকবাল, মো. মাসুদ, মনির হোসেন, রফিকুল ইসলাম, শাহীন শেখ, আলমসহ প্রায় শতাধিক তবে এসব অভিযোগের বিষয়ে সমিতির সভাপতি আক্তার হোসেনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।অটোরিকশা ও সিএনজি চালক অংশ নেন।