জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নিয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৮টায় জাতিসংঘ সদরদপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে বিশ্বনেতা ও তাঁদের জীবনসঙ্গীদের সম্মানে এ প্রাতরাশের আয়োজন করা হয়। এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফটোসেশনে অংশ নেন।
এর মধ্য দিয়ে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ ঘিরে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। পরে তিনি জাতিসংঘ সদরদপ্তরে সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথমবারের মতো ভাষণ দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিনি বাংলায় বক্তব্য দেবেন এবং এতে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, বিশ্বশান্তি, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন জাতীয় ও বৈশ্বিক বিষয় তুলে ধরবেন।
জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কর্মসূচিও রয়েছে।