খাগড়াছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত খাগড়াছড়ি সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লিটন চৌধুরী (৫১), মো. মাহফুজ জুয়েল (৩১), সুজন বিশ্বাস (৪৩), মো. সাকিল (২৪) ও মো. রুবেল (৩২)।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে গত ১৭ সেপ্টেম্বর ভোররাতে খাগড়াছড়ি আদালত চত্বর এলাকায় বিস্ফোরকজাতীয় দ্রব্য ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো, সরকারি জনগুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষতিসাধন এবং নাশকতার চেষ্টা করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ রয়েছে।
এ ছাড়া গত ২০ সেপ্টেম্বর ভোররাতে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কে মিছিল নিয়ে স্লোগান দেওয়ার পাশাপাশি সড়কের পাশে থাকা সরকারি গাছ কেটে সড়কের দুই পাশে ফেলে যান চলাচল বন্ধ করে অবরোধ কর্মসূচি পালনের চেষ্টার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়কিসলু বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।র