বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা কোনো দলীয় দাবি নিয়ে এখানে আসিনি। আমরা এসেছি আপনাদের দাবি আদায়ের জন্য। জনগণের রায় বাস্তবায়ন করতে বিএনপিকেই বাধ্য হতে হবে। তবে তারা পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে।’
শনিবার সকাল ১০টায় ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে গাজীপুরের ভোগড়া বাইপাসে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ রায় দিয়েছিলেন। কিন্তু সরকার সেই রায় বাস্তবায়ন না করে জনগণকে অপমান করেছে। জনগণের সেই রায় বাস্তবায়নের দাবিতেই তাদের এই কর্মসূচি।
তিনি বলেন, চাঁদাবাজি বন্ধ, দুর্নীতিমুক্ত দেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে এই লংমার্চ আয়োজন করা হয়েছে। সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আজ আমরা ৮ দফা দাবি নিয়ে মাঠে নেমেছি। জনগণের প্রয়োজনে এই ৮ দফা যেকোনো সময় ১ দফায় পরিণত হতে পারে।’
পথসভায় গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মুহা. জামাল উদদীনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, আমার বাংলাদেশ পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জুসহ ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা।