ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে আয়োজিত কর্মসূচিতে হামলার অভিযোগ তুলে জামায়াত-শিবিরের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। তাঁর মন্তব্য, ক্ষমতায় যাওয়ার আগেই জামায়াত ‘মজলুম থেকে জালিমে’ পরিণত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন অভিযোগ করেন, ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ব্যক্তিদের পুনর্বহালের দাবিতে আয়োজিত কর্মসূচির বিপরীতে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর নামে পাল্টা কর্মসূচি আয়োজন করা হয়। সেখান থেকে জামায়াত-শিবিরের লোকজন চাকরিচ্যুতদের কর্মসূচিতে হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি।
চাকরিচ্যুত ব্যক্তিদের প্রতিবাদ করার অধিকার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় এসব ব্যক্তিকে চাকরিচ্যুত করে ইসলামী ব্যাংকে জামায়াত-শিবিরের লোকজনকে পুনর্বাসন করা হয়েছিল। এখন ভুক্তভোগীরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন করলে তাদের ওপর হামলা চালানোর অধিকার কাউকে দেওয়া হয়নি।
রাশেদ খাঁন বলেন, অতীতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বেপরোয়া হতে দেখা গেছে। কিন্তু বর্তমানে প্রধান বিরোধী দল হয়েই জামায়াত-শিবির বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ক্ষমতায় যাওয়ার আগেই যারা ‘মজলুম থেকে জালিমে’ পরিণত হয়েছে, তারা ক্ষমতায় গেলে দেশের পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এ প্রসঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশকে ‘জামায়াতে জাহেলিয়াত’-এ পরিণত করবে।