সন্ত্রাস দমনে সরকার ক্রসফায়ারের পথে যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, প্রয়োজন হলে সন্ত্রাস মোকাবিলায় প্রচলিত আইন আরও শক্তিশালী করা হবে।
সোমবার বেলা ১১টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, সন্ত্রাস দমনে সরকার কোনোভাবেই ক্রসফায়ারের নীতি অনুসরণ করবে না। অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনে বিদ্যমান আইন আরও কঠোর ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।
দেশে মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। আইনমন্ত্রীর অভিযোগ, পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক প্রবেশ করানো হচ্ছে। সীমান্তের ওপারে বসে ইয়াবা চোরাকারবারিরা বিভিন্ন পরিকল্পনা করছে এবং ড্রোন ব্যবহার করেও বিভিন্ন এলাকায় মাদক পৌঁছে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, মাদক এখন আর শুধু খুলনার সমস্যা নয়, এটি সারাদেশের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ কারণে দেশব্যাপী ডোপ টেস্টের ওপর সরকার আরও বেশি গুরুত্ব দিচ্ছে।
মতবিনিময় সভায় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনার বিভিন্ন আসনের সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার, কেসিসি ও জেলা পরিষদের প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।