মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
জাতীয় সংসদে আরও পাঁচটি মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। তবে গঠিত এসব কমিটির কোনোটিতেই বিরোধী দল থেকে কাউকে সভাপতি করা হয়নি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি পাঁচটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন এবং দুটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে ভোটের মাধ্যমে প্রস্তাবগুলো পাস হয়।
এর মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনকে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে এ কে এম ফজলুল হক মিলন বেসরকারিভাবে নির্বাচিত হন।
নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম, নীতিমালা ও বিভিন্ন বিষয়ে সংসদীয় পর্যায়ে পর্যালোচনা ও তদারকির দায়িত্ব পালন করবে স্থায়ী কমিটিগুলো।