মার্কিন সামরিক বাহিনীর দুটি যুদ্ধজাহাজে হামলা চালিয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)।
বুধবার (৯ সেপ্টেম্বর) ইরানি সংবাদমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি এ দাবি করে।
বিবৃতিতে বলা হয়, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ইজিস প্রতিরক্ষাব্যবস্থায় সজ্জিত মার্কিন যুদ্ধজাহাজ ডিডিজি-১১৯ এবং ডিডিজি-৫৩ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে জাহাজ দুটির বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।
ইরানের দাবি, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘ইরানি ট্যাংকার ও জাহাজে আক্রমণাত্মক পদক্ষেপ এবং শত্রুতাপূর্ণ হয়রানির’ জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে।
আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের এ ধরনের কর্মকাণ্ডের কঠোর জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
একই সঙ্গে যেকোনো ‘ভুল হিসাব-নিকাশের’ বিষয়ে প্রতিপক্ষকে সতর্ক করেছে আইআরজিসি ও ইরানের অন্যান্য বাহিনী।
সূত্র: মিডল ইস্ট আই
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?