ইতালির ভেনিসে ঢালিউড অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
পোস্টে ছাত্রদল সভাপতি লেখেন, ‘ইতালির ভেনিসে জনপ্রিয় চিত্রনায়িকা আজমেরী হক বাঁধনের ওপর নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ-যুবলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
তিনি আরও লেখেন, ‘একজন নারী তথা জুলাই যোদ্ধাকে বিদেশের মাটিতে একা পেয়ে এ ধরনের কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা প্রমাণ করে, ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের সামান্যতম অনুশোচনা হয়নি।’
হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে রাকিবুল ইসলাম রাকিব লেখেন, ‘এ সন্ত্রাসীদের জন্য আমাদের মনেও কখনো সামান্যতম সহানুভূতি জাগ্রত হবে না। কঠোর হাতে দমন করা হবে, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে।’
এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওবার্তা দিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এ সময় হামলাকারীদের আওয়ামী লীগের নেতাকর্মী বলে দাবি করেন তিনি।
বাঁধন জানান, ইতালির ভেনিসে একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তাকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করেন। এ সময় তার মোবাইল ফোনও ছুড়ে ফেলা হয়। তার ভাইয়ের শিশুসন্তানও ঘটনাস্থলে ছিল বলে জানান তিনি।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে ঘটনার কয়েকটি ভিডিও ক্লিপ প্রকাশ করেন বাঁধন। সেখানে কয়েকজন ব্যক্তিকে তার সঙ্গে উত্তপ্ত আচরণ করতে দেখা যায়।
বাঁধনের অভিযোগ, হামলাকারীরা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বলেন এবং সেই দৃশ্য ভিডিও করেন। তাকে গালাগাল ও ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে হামলা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
ভিডিওবার্তায় বাঁধন বলেন, ‘আমার গায়ে হাত তোলা হয়েছে। আমার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে। একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ হবে না।’
তিনি আরও বলেন, ‘আপনারা আজ সারা বিশ্বের মানুষকে দেখালেন, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রীকে হেনস্তা করা হলো।’
ভেনিসে অবস্থানরত সজীব ওয়াজেদ জয়ের কাছেও বিষয়টি পৌঁছে দেওয়ার আহ্বান জানান বাঁধন।