জাতিসংঘে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, ‘নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা’ নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিলেট নগরীর একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনার বিষয়ে হুমায়ুন কবির বলেন, বোয়িং কেনার জন্য কেউ বাংলাদেশকে চাপ দিচ্ছে না। দেশের চাহিদা রয়েছে বলেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও কেনা হবে।
দেশের জ্বালানি খাতের সংকট নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, “কীভাবে একটি সাইকোপ্যাথিক দুর্নীতি করা যায়, এনার্জি সেক্টর দেখলে বোঝা যাবে।” তবে জ্বালানি খাতকে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এবং এ খাতের সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানান তিনি।
মক্কা চুক্তি প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে আলোচনা চলছে। মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। বর্তমানে অনেক দেশই একাধিক নিরাপত্তা জোটে রয়েছে।
তিনি বলেন, “জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে যাওয়া দরকার, সেখানে যাওয়া হবে।”
মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমশক্তি রপ্তানির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আমলের সিন্ডিকেটের কারণে দেশটিতে শ্রমশক্তি রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমান সরকার সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছে। ধাপে ধাপে মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানি করা হবে বলেও জানান তিনি।
এ সময় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন।