কুমিল্লার মানুষ কখনো ফ্যাসিবাদ মেনে নেয়নি এবং সবসময় এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ কারণেই ২০২৪ সালের জুলাইয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লার মানুষকে দেখতে পারতেন না এবং তাদের বঞ্চিত করেছেন বলে দাবি করেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার এলাকায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, “যাকে আমরা ২০২৪ সালে বিতাড়িত করেছি, তিনিও কুমিল্লার মানুষকে দেখতে পারতেন না। কারণ কুমিল্লার মানুষ কোনো ফ্যাসিবাদকে কখনো মেনে নেয়নি।”
তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই ‘বাকশাল ও ফ্যাসিবাদের’ জন্য কুমিল্লা ‘মূর্তিমান আতঙ্ক’ হিসেবে রয়েছে।
কুমিল্লার মানুষের প্রতিবাদী ভূমিকার কথা তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, “কুমিল্লার মানুষ প্রতিবাদ করতে কখনো ভয় পায়নি। জুলাইয়ে প্রথম প্রতিরোধ গড়ে ওঠে কুমিল্লায়।”
এ সময় জুলাই আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার কথাও উল্লেখ করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, আন্দোলনের সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় অবরোধ করে রেখেছিলেন।