সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে হাসপাতালে গিয়ে প্রতিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। এ সময় আবুল বারীর দ্রুত সুস্থতা কামনা করেন রিজভী।
হাসপাতালে কিছু সময় প্রতিমন্ত্রীর পাশে অবস্থান করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তার চিকিৎসা ও বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন তিনি।
এ সময় রুহুল কবির রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন এবং কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন।
এর আগে শুক্রবার সকালে ঢাকা থেকে নিজ নির্বাচনি এলাকা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তার সহধর্মিণী নাজমা আরা বেগম আহত হন।
দুর্ঘটনার পর আবুল বারীকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। পরে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল জানিয়েছেন, দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর দুই পা ও বুকে আঘাত লেগেছে।