আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চে পাঁচ থেকে ছয় হাজার গাড়ি অংশ নেওয়ার পরিকল্পনা থাকলেও জনদুর্ভোগের কথা বিবেচনায় তা কমিয়ে প্রায় এক হাজারে আনা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং এর থেকে পরিত্রাণের পথ খুঁজতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, মানুষের আহ্বানে সাড়া দেওয়ার একটি দায়িত্ব তাদের রয়েছে। সেই জায়গা থেকেই আগামী ৫ সেপ্টেম্বর লং মার্চ কর্মসূচি পালন করা হবে। সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে কর্মসূচি শুরু হবে।
লং মার্চের কারণে সাধারণ মানুষের ভোগান্তি হতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নিয়ে প্রথমেই পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দেওয়া হয়েছিল এবং আলোচনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী গাড়িবহর সড়কের একটি লাইন ব্যবহার করবে। অন্য লাইনগুলোতে লং মার্চের কোনো গাড়ি থাকবে না।
তিনি আরও বলেন, কর্মসূচি ঘিরে বেশ কিছু পরিকল্পনা পরিবর্তন করা হয়েছে। তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষ এমনিতেই অস্বস্তিতে রয়েছে। দাবি আদায়ের কর্মসূচির কারণে যেন নতুন করে মানুষের ভোগান্তি না হয় এবং কোনো অ্যাম্বুলেন্স যাতে আটকে না পড়ে, সে বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।
গাড়িবহরের আকার প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমাদের লক্ষ্য ছিল পাঁচ-ছয় হাজার গাড়ি যাবে। সেটাও আমরা সংকুচিত করে প্রায় এক হাজার গাড়িতে নিয়ে এসেছি।”
লং মার্চের সূচি তুলে ধরে তিনি জানান, সকাল ৭টায় শাপলা চত্বরে নেতাকর্মীরা জড়ো হবেন। সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত সেখানে উদ্বোধনী কর্মসূচি ও শীর্ষ নেতাদের বক্তব্য থাকবে। এরপর সিরিয়াল অনুযায়ী গাড়িগুলো চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করবে।
ঢাকা ছাড়ার পর প্রথম পথসভা হবে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড ট্রাক স্ট্যান্ডে। সকাল ৯টার দিকে সেখানে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। এরপর দুপুর ১২টার দিকে কুমিল্লায় কর্মসূচি অনুষ্ঠিত হবে। সেখানে অংশগ্রহণকারীদের দুপুরের খাবারের ব্যবস্থাও থাকবে।
পরবর্তী গন্তব্য ফেনীর মহিপাল। সম্ভাব্য সময় দুপুর ৩টা। সেখানে এনসিপির পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অংশ নেওয়ার কথা রয়েছে।
এরপর গাড়িবহর মিরসরাইয়ে পৌঁছাবে। সেখানে বিকেল ৫টা পর্যন্ত কর্মসূচি শেষে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করা হবে। রাত ৯টার দিকে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। সেখানে বড় ধরনের জনসমাগম হবে বলে আশা প্রকাশ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, লং মার্চের পথে সাধারণ মানুষের কথা শুনতে চান তারা। স্থানীয় মানুষের সমস্যা ও প্রত্যাশার কথা জেনে রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে সেগুলো তুলে ধরার চেষ্টা করা হবে।
সরকারের বিভিন্ন কর্মসূচির সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার বিভিন্ন কর্মসূচিতে প্লেন ও হেলিকপ্টার ভাড়া করে লোকজন নিয়ে হল ভর্তি করে। অন্যদিকে তারা জনগণের প্রয়োজনেই মানুষের কাছে যাচ্ছেন।
সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।