ভোলা প্রতিনিধি:
ভোলায় জেলা পুলিশের বিশেষ অভিযানে পৃথক চারটি ঘটনায় একটি সেমি অটোমেটিক ৭.৬২ মিমি চায়না পিস্তল ও ম্যাগাজিন, ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের জাল নোট এবং ৮৪৮ পিস ইয়াবাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। তিনি জানান, অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে ১ ও ২ সেপ্টেম্বর জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সুপার জানান, দৌলতখান থানা পুলিশের অভিযানে চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের একটি বসতঘরে অভিযান চালিয়ে মো. নাহিদ হোসাইন (২৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার শয়নকক্ষের তোশকের নিচ থেকে একটি সেমি অটোমেটিক ৭.৬২ মিমি চায়না পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
অন্যদিকে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে দুলারহাট থানাধীন নীলকমল ইউনিয়নের ঘোষের হাট লঞ্চঘাট এলাকা থেকে মো. মান্নান (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাঁধে ঝোলানো ব্যাগ থেকে ১ হাজার টাকা মূল্যমানের ২০০টি এবং ৫০০ টাকা মূল্যমানের ১০০টি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার করা জাল নোটের মোট মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।
এছাড়া লালমোহনে ডিবি পুলিশের অভিযানে ৩৪৮ পিস ইয়াবাসহ মো. জাহিদুল হাসান রাকিব (৩৮) ও মো. নুরুল ইসলাম (৩৭) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের একটি ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, চরফ্যাশন থানা পুলিশের অভিযানে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের একটি এলাকায় অভিযান চালিয়ে মো. হাছনাইন (২৬) ও মো. হাফেজ (৪০) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, চারটি পৃথক অভিযানে মোট ৮৪৮ পিস ইয়াবা, একটি পিস্তল ও ম্যাগাজিন এবং ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে ভোলা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।