দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৩২৪ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।
নতুন পাঁচজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩ এবং জুলাইয়ে ৩৬ জন মারা গেছেন। সেপ্টেম্বরের প্রথম দিনেই মৃত্যু হয়েছে আরও পাঁচজনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৩৬ হাজার ১৭০ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩৪ হাজার ৩৮৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ৬৮৩ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৪২ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ১৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরের এলাকায় ভর্তি হয়েছেন আরও ২৯৮ জন।
বিভাগভিত্তিক হিসাবে, বরিশালে ১২১ জন, চট্টগ্রামে ১৩৯, খুলনায় ২৪৬, ময়মনসিংহে ৮৭, রাজশাহীতে ১১৪, রংপুরে ৩৪ এবং সিলেটে ৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।