মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪২ নম্বর ওয়ার্ডের কুদাব মুন্সিবাড়ী এলাকার বীর মুক্তিযোদ্ধা, গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক এবং ৪২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান মাস্টার আর নেই।
বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রবিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে আমির উদ্দিন মুন্সি স্কুল অ্যান্ড কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মাস্টারকে গার্ড অব অনার প্রদান করা হয়। গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভের নেতৃত্বে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।
এ সময় জাতীয় পতাকায় আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে একই মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মাস্টারের মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মুক্তিযুদ্ধের চেতনা ও স্থানীয় সমাজে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন এলাকাবাসী।