জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে এবং ইতোমধ্যে জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। তাঁর দাবি, জুলাই সনদ বাস্তবায়ন তো দূরের কথা, বিএনপি নিজেদের ঘোষিত ৩১ দফার সঙ্গেও প্রতারণা করেছে। একই সঙ্গে মাত্র ছয় মাসের মধ্যে সরকার দুঃখজনকভাবে অজনপ্রিয় হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে ফেনীর একটি গণমিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সারজিস আলম এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ ও স্বজনপ্রীতি চলছে। এমনকি ইউনিয়ন পরিষদেও বিএনপি প্রশাসক নিয়োগের উদ্যোগ নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সারজিসের ভাষায়, এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য একটি লজ্জাজনক উদাহরণ হয়ে থাকবে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী সব স্থানীয় নির্বাচনে এনসিপি একক প্রার্থী দেবে।
সারজিস আলম আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, জ্বালানি সংকট ও দীর্ঘ লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। এসব সমস্যা সমাধানে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
মতবিনিময় সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজাউদ্দিন, ফেনী জেলা কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম, সদস্যসচিব শাহওয়ালী উল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব মুহায়মিন তাজিমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।