জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশের মানুষের সঙ্গে অন্যায় ও গণহত্যার অভিযোগের পরিণতি শেখ হাসিনাকে ভোগ করতে হবে। এমনকি ভবিষ্যতে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবেন না এবং তার কবরও এ দেশে হবে না বলে মন্তব্য করেছেন তিনি।
বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় রাঙ্গামাটিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষের সঙ্গে শেখ হাসিনা যে অন্যায় ও গণহত্যা করেছেন, তার পরিণতি তাকে ভোগ করতে হবে। তিনি আরও বলেন, ‘ডিসেম্বরে দেশে ফেরার কথা বাদ দিন, শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না।’
সারজিস আলম বলেন, শেখ হাসিনা এতটাই অন্যায় করেছেন যে বাংলাদেশে তার বাবা শেখ মুজিবুর রহমানের কবর থাকলেও তার নিজের কবর এ দেশে হবে না।
সভায় তিন পার্বত্য জেলায় সুষম উন্নয়ন ও সম্পদের ন্যায্য বণ্টনের দাবি জানান এনসিপির এই নেতা। একই সঙ্গে জেলা পরিষদগুলোতে নির্বাচিত প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে সারজিস বলেন, পাহাড়ের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি এসব অঞ্চলের সার্বিক উন্নয়ন করতে হবে।
জেলা পরিষদের বর্তমান কাঠামোরও সমালোচনা করেন তিনি। সারজিস আলমের অভিযোগ, দলীয় লোকজন দিয়ে জেলা পরিষদ গঠন করা হয়েছে এবং এর ফলে পরিষদগুলো অনেক ক্ষেত্রে দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
তিনি বলেন, শুধু রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের পাশাপাশি পার্বত্য এলাকার সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করেই জেলা পরিষদ গঠন করা উচিত।