জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশের মানুষের সঙ্গে শেখ হাসিনা অন্যায় ও গণহত্যা করেছেন। এসব কর্মকাণ্ডের পরিণতি তাকে ভোগ করতে হবে। এমনকি আগামী ডিসেম্বরে দেশে ফেরার বিষয়টি বাদ দিলেও বাংলাদেশে শেখ হাসিনার কবর হবে না বলে মন্তব্য করেন তিনি।
আজ বুধবার সন্ধ্যায় রাঙ্গামাটিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষের সঙ্গে শেখ হাসিনা যে অন্যায় ও গণহত্যা করেছেন, তার পরিণতি তাকে ভোগ করতে হবে। তিনি এতটাই অন্যায় করেছেন যে, বাংলাদেশে তার বাবার কবর থাকলেও শেখ হাসিনার কবর এখানে হবে না।
সভায় তিন পার্বত্য জেলায় সুষম উন্নয়ন ও সম্পদের ন্যায্য বণ্টন নিশ্চিত করার দাবি জানান সারজিস আলম। তিনি বলেন, পার্বত্য তিন জেলায় সম্পদের সুষম বণ্টনের পাশাপাশি জেলা পরিষদগুলোতে নির্বাচিত প্রতিনিধিত্ব নিশ্চিত করা জরুরি।
পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। পাহাড়ের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের জীবনমান ও উন্নয়ন এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
এ সময় জেলা পরিষদগুলোর বর্তমান গঠন নিয়েও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তার অভিযোগ, দলীয় লোকজন দিয়ে জেলা পরিষদগুলো গঠন করায় সেগুলো কার্যত দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তার মতে, শুধু দলীয় পরিচয়ের ভিত্তিতে নয়, সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের পাশাপাশি সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করেই জেলা পরিষদ গঠন করা উচিত।