প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকার বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
শনিবার দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আবদুল মঈন খান বলেন, ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮২ সালে বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন বেগম খালেদা জিয়া। রাজপথের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তিনি আপসহীন নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। পরে ১৯৯১ সালে জনগণের ভোটে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
তিনি বলেন, সেই ধারাবাহিকতায় ২০২৬ সালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকার বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলবে, ইনশাআল্লাহ।
নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্বে অন্তর্ভুক্তিকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে আবদুল মঈন খান বলেন, ছয় মাস আগে গঠিত মন্ত্রিসভায় নতুন সদস্যদের যুক্ত হওয়া বিশ্বের অন্যান্য দেশের মতোই একটি স্বাভাবিক বিষয়। প্রধানমন্ত্রী দেশের সমস্যাগুলো সম্পর্কে অবগত রয়েছেন। এসব সমস্যা সমাধানের মাধ্যমে বাংলাদেশকে একটি গতিশীল রাষ্ট্রে পরিণত করা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম পুনঃপ্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য।
তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে আরেকটি ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। এর আগে স্বাধীনতার সময়ও দেশের মানুষ সংকটময় পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। সে সময় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।
নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে মঈন খান বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বিভিন্ন সময়ে বাধাগ্রস্ত হয়েছে। প্রতিবারই বিএনপি দেশকে নতুন করে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার চেষ্টা করেছে।