সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর শহরের কাছে পুনর্ভবা নদীতে ডুবে লিমন (১৬) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার পর বৃহস্পতিবার (২০ আগস্ট ) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার চার সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহত লিমন দিনাজপুর শহরের সিপাহীপাড়া এলাকার লিটন ইসলামের ছেলে। সে তফিউদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে দিনাজপুর শহরের মাহুতপাড়া এলাকায় কয়েকজন শিক্ষার্থী পুনর্ভবা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে লিমন পানিতে নিখোঁজ হয়। পরে স্থানীয়দের সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। তাকে না পাওয়ায় রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।
পরে রংপুর থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযানে অংশ নেয়। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সদর উপজেলার উলিপুর গ্রামের পাশে পুনর্ভবা নদীতে লিমনের মরদেহ ভেসে ওঠে। পরে কোতোয়ালি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লিমনের চার সহপাঠীকে আটক করা হয়েছে। তারা হলো—রুহুল আমিন খান (১৬), আতিকুর রহমান (১৬), আবির হোসেন (১৬) ও তাজনিম রহমান (১৭)।
দিনাজপুর কোতোয়ালি থানার এসআই সাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের চার সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।