বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
বৃহস্পতিবার রাতে রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ার পর যুবদলের শীর্ষ দুই নেতা তার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা ফুল দিয়ে নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিবকে শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক দলের গুরুত্বপূর্ণ সময়ে রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ায় বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
যুবদল নেতারা আশা প্রকাশ করেন, রুহুল কবির রিজভীর বলিষ্ঠ ও ত্যাগী নেতৃত্বে যুবদলসহ বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠন আগামী দিনের আন্দোলন-সংগ্রামে আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা পালন করবে।
এ সময় রুহুল কবির রিজভী যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে রাজপথে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২০ আগস্ট) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়। এর আগে গত ১৫ আগস্ট তাকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।
সাক্ষাৎকালে যুবদলের কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।