দেশে গণতান্ত্রিক পরিবেশ ও কথা বলার সুযোগ ক্রমেই সংকুচিত হয়ে আসছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে স্বাধীন ও মুক্তভাবে কাজ করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স আয়োজিত ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, দেশে কথা বলার জায়গা ও গণতন্ত্র সংকুচিত হয়ে আসছে। এ পরিস্থিতি মোকাবিলায় সবাইকে একসঙ্গে ভূমিকা রাখতে হবে। সাংবাদিকদের নিজেদের পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার ওপরও গুরুত্ব দেন তিনি।
বিরোধী দলের আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে নাহিদ বলেন, গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানিয়ে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হলেও সরকারের পক্ষ থেকে সেটিকে ‘হঠকারিতা’ হিসেবে অভিহিত করা হচ্ছে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এমন বক্তব্য আসায় গণতান্ত্রিক পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, এমন পরিস্থিতিতে বাংলাদেশের গণমাধ্যমের কাছ থেকে নিরপেক্ষ ভূমিকা প্রত্যাশা করেন তারা। সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।
আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা শামসি আরা জামান সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামসহ জুলাই আন্দোলনে রাজপথে থাকা সাংবাদিকরা বক্তব্য দেন ও আন্দোলনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন।
সভায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।