কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে ‘জালিম সংগঠন’ হিসেবে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে রাশেদ খাঁন অভিযোগ করেন, কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার পর জামায়াত-শিবির দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পেশিশক্তির প্রদর্শন করেছে।
তিনি বলেন, অতীতে বিরোধী দলগুলোকে সাধারণত মজলুম ও বিনয়ী হিসেবে দেখা গেলেও প্রধান বিরোধী দলের অবস্থানে আসার পর জামায়াত আওয়ামী লীগের ‘সব বৈশিষ্ট্য’ ধারণ করেছে। ভবিষ্যতে দলটি ক্ষমতায় গেলে ভিন্নমতের জন্য ন্যূনতম জায়গাও থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতের কর্মকাণ্ড সম্পর্কে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা সচেতন হয়েছেন দাবি করে রাশেদ খাঁন দেশব্যাপী তাদের প্রতিবাদকে স্বাগত জানান।
এ সময় জামায়াত ও দলটির সেক্রেটারি জেনারেলের গণঅধিকার পরিষদকে নিয়ে দেওয়া বক্তব্যেরও তীব্র সমালোচনা করেন তিনি।
রাশেদ খাঁনের দাবি, দেশের গণতান্ত্রিক আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে দল হিসেবে জামায়াতের তুলনায় গণঅধিকার পরিষদের ভূমিকা বেশি। তার ভাষ্য অনুযায়ী, জামায়াত যখন গোপন রাজনীতিতে ছিল, তখন গণঅধিকার পরিষদ রাজপথে সক্রিয় ছিল।