প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস উইংয়ে ‘বিকল্প’ হিসেবে তাকে দেখতে চেয়ে চালানো প্রচারণায় বিব্রত ও বিরক্তি প্রকাশ করেছেন মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত ও সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। একই সঙ্গে তাকে কোনো পদে দেখতে চেয়ে প্রচারণা না চালানোর জন্য শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন মুশফিকুল ফজল আনসারী।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রেস উইং নিয়ে সম্প্রতি নানা আলোচনা তার কানে আসছে। কেউ কেউ তাকে বিকল্প হিসেবে বিবেচনা করে অতিরিক্ত আগ্রহ দেখাচ্ছেন, যা এমন পর্যায়ে পৌঁছেছে যে নিজের অবস্থান স্পষ্ট করা প্রয়োজন মনে করেছেন তিনি।
মুশফিকুল ফজল আনসারী বলেন, প্রধানমন্ত্রীর বর্তমান প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব, ডেপুটি ও সহকারী প্রেস সচিবরা সমন্বিতভাবে সরকারের প্রধানের কর্মকাণ্ড, নেতৃত্ব ও ভাবমূর্তি জনগণের সামনে তুলে ধরতে আন্তরিকভাবে কাজ করছেন। প্রধানমন্ত্রীর কাজের ধরন, রাজনৈতিক দর্শন ও পেশাদারিত্বের সঙ্গে প্রেস উইংয়ের কয়েকজন সদস্যের দীর্ঘদিনের পরিচয়ও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তাকে কোনো পদে দেখতে চেয়ে প্রচার-প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের স্লোগান ও অতিরিক্ত আগ্রহ তাকে বিব্রত ও বিরক্ত করে। এমন প্রচারণা কর্মরত ব্যক্তিদের অস্বস্তিতে ফেলতে পারে এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
রাষ্ট্রদূত বলেন, পদ-পদবি দেশসেবার একমাত্র পথ নয়। দায়িত্ব পালনের সুযোগ না থাকলেও দেশ ও জনগণের জন্য কাজ করার সুযোগ রয়েছে। অতীতে কোনো রাষ্ট্রীয় পদে না থেকেও তিনি গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের পক্ষে কাজ করেছেন বলে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী প্রয়োজন ও আস্থার ভিত্তিতে যাকে যে দায়িত্বের জন্য উপযুক্ত মনে করবেন, তাকেই দায়িত্ব দেবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘পদ সাময়িক—দেশের প্রতি দায়বদ্ধতা চিরস্থায়ী।’