বিদ্যুৎ সরবরাহে ভয়াবহ সংকট ও দীর্ঘ সময়ের লোডশেডিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দাওয়াতে ঈমানী বাংলাদেশের চেয়ারম্যান মুফতি গিয়াস উদ্দিন তাহেরি। তিনি অভিযোগ করেছেন, বিদ্যুৎ অফিস থেকে এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা জানানো হলেও দুই সপ্তাহ পরও সংকট কাটেনি; বরং বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি আরও বেড়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুফতি গিয়াস উদ্দিন তাহেরি বলেন, “বিদ্যুতের সার্ভিস নেই, মাস শেষে বিলেও কমতি নেই, জনগণের ভোগান্তিরও শেষ নেই। ২৪ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টাই লোডশেডিং।”
তিনি বলেন, বিদ্যুৎ অফিস থেকে প্রথমে এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু দুই সপ্তাহ পর অফিস থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি বেড়েই চলেছে। এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
বিদ্যুৎ সংকটের সঙ্গে অতীতের তেল সংকটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আপনাদের মনে আছে কি না জানি না, দীর্ঘ তেলের লাইন স্বাভাবিক হয়েছিল তেলের দাম বৃদ্ধি করে। বিদ্যুৎ এবং গ্যাস হয়তো সেই পথেই হাঁটছে!”
মুফতি গিয়াস উদ্দিন তাহেরি আরও বলেন, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা, ক্ষুদ্র শিল্প ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে। অথচ নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করেও গ্রাহকরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না।
তিনি বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি জনগণের ভোগান্তির প্রতিকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে গ্রাম-গঞ্জে একসঙ্গে শান্তিপূর্ণ প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তার ভাষ্য, জনগণের দুর্ভোগ কমাতে দ্রুত বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ পরিস্থিতির উন্নতি করতে হবে এবং গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।