চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘বাণিজ্য, প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতির রোডম্যাপ’ বিষয়ক এক সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
শামা ওবায়েদ বলেন, বিভিন্ন দেশ ইতোমধ্যে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। অনেক বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে বিনিয়োগের সুযোগ যাচাই করছেন।
তিনি বলেন, চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী এবং এ বিষয়ে আলোচনা চলমান রয়েছে।
বিনিয়োগের সময়সূচি নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিনিয়োগ একটি চলমান প্রক্রিয়া। এটি নির্দিষ্ট কোনো দিনক্ষণ দেখে হয় না; প্রয়োজনীয় প্রস্তুতি ও আলোচনার ভিত্তিতেই এগিয়ে যায়।
বিনিয়োগে বিদ্যমান চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের যেমন কিছু সমস্যা রয়েছে, তেমনি বিদেশে বসবাসরত বাংলাদেশিরাও দেশে বিনিয়োগ করতে গিয়ে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার একটি দুর্বল অর্থনৈতিক কাঠামো উত্তরাধিকারসূত্রে পেয়েছে। গত ১৭ বছরে ব্যাংকিং খাত, পুঁজিবাজার এবং সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যে সংকট তৈরি হয়েছে, তা কাটিয়ে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সরকার প্রয়োজনীয় সংস্কার ও নীতিগত পদক্ষেপ গ্রহণ করছে।
সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিনিয়োগ খাত সম্পর্কে শামা ওবায়েদ বলেন, জ্বালানি খাতের পাশাপাশি টেক্সটাইল, তৈরি পোশাকশিল্প, কৃষি এবং কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, সৃজনশীল অর্থনীতির বিকাশেও সরকার গুরুত্ব দিচ্ছে। কুটিরশিল্প, সংস্কৃতি, প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক কার্যক্রম এবং সৃজনশীল খাতে বিনিয়োগের সুযোগ সম্প্রসারণে কাজ চলছে। একইভাবে খেলাধুলাকেও সম্ভাবনাময় বিনিয়োগ খাত হিসেবে বিবেচনা করা হচ্ছে। ক্রীড়া কূটনীতির মাধ্যমে এ খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ব্লু ইকোনমি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এটি সরকারের অন্যতম অগ্রাধিকার খাত। এ খাতে বিনিয়োগ বাড়াতে সরকার কাজ করছে এবং ইউরোপের বিভিন্ন দেশও বাংলাদেশে ব্লু ইকোনমিতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।