মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাসের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষে নসিমনের চালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার হাসাড়া ইউনিয়নের লস্করপুর চকেরপাড়া নতুন রাস্তা মোড় এলাকায় হাসাড়া-বাড়ৈখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নসিমন চালক মজনু (৩৬), তিনি ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী এলাকার আইয়ুব আলীর ছেলে এবং বর্তমানে শ্রীনগরের মদনখালী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। অপর নিহত দুলাল মনি দাস (৪২) উপজেলার শিবরামপুর এলাকার মৃত সাধন মনি দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঠ নামিয়ে নসিমনটি বাড়ৈখালীর দিকে ফিরছিল। লস্করপুর নতুন রাস্তা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নসিমনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নসিমনের চালক ও হেলপার গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত দুলাল মনি দাসের ভাই স্বপন মনি দাস জানান, শিবরামপুর হাট উপলক্ষে তার ভাই নসিমনে করে কাঠ পরিবহনের কাজে গিয়েছিলেন। কাজ শেষে ফেরার পথে বাসের ধাক্কায় চালক ও তার ভাই ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে তাদের মৃত্যু হয়।
শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, নিহতদের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন।