শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ এবং মানবসম্পদ উন্নয়ন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি এ আগ্রহের কথা জানান। বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন খাতে বিদ্যমান সহযোগিতা এবং তা আরও সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা খাতে সিঙ্গাপুরের অভিজ্ঞতা ও দক্ষতা বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করার আগ্রহ প্রকাশ করেন মিচেল লি।
এ সময় তিনি বাংলাদেশের বন্দর ও লজিস্টিকস অবকাঠামোর উন্নয়ন, বিমান চলাচল খাতের আধুনিকায়ন, বিশেষ করে বিমানবন্দরের ডিজিটালাইজেশন, সরকারি সেবার আধুনিকীকরণ, বাংলাদেশ-সিঙ্গাপুর মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), কার্বন ক্রেডিট সহযোগিতা এবং সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে উভয় পক্ষ শিক্ষাক্ষেত্রে যৌথ উদ্যোগ গ্রহণ, দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও জোরদার এবং বাংলাদেশ-সিঙ্গাপুরের বহুমাত্রিক সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করতে ভবিষ্যতেও কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।