রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে যানবাহনসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি, ব্লাউজ এবং ম্যাক্সি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব চোরাই মালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৪ লক্ষ ৯৫ হাজার টাকা।
শনিবার (১৮ জুলাই) ভোর আনুমানিক ৩টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ গীতবাড়ি বিওপি’র একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম চালানো হয়। এরই ধারাবাহিকতায় গীতবাড়ি বিওপির টহল দল সীমান্ত থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘মনতলা’ নামক স্থানে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় একটি যানবাহন এবং তাতে থাকা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ম্যাক্সি ও ব্লাউজ জব্দ করা হয়।
১০ বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল ও যানবাহন আইনানুগ বিধি মোতাবেক কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।